চরফ্যাশনে মাঠে ফিরেছে সবুজ আমনের চারা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :

 

ভোলার চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ইউনিয়নের শত শত একর কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধতায় তলিয়ে থেকে পতিত অবস্থায় পড়ে ছিল। মৌসুমি ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় হতাশায় ছিলেন স্থানীয় কৃষকরা।

 

তবে সেই হতাশার দিন পেরিয়ে এখন মাঠে ফিরেছে সবুজ আমনের চারা। উপজেলা প্রশাসনের উদ্যোগে জলাবদ্ধতা নিরসন করায় প্রায় ৫৮০ একর জমি আবারও আবাদযোগ্য হয়েছে।

 

জানা যায়, এওয়াজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে প্রায় ৩০০ একর ও ৪ নম্বর ওয়ার্ডে আরও ২৮০ একর জমি বর্ষার পানিতে তলিয়ে গিয়েছিল। জমি হয়ে উঠেছিল স্থায়ী জলাধার। কিন্তু প্রশাসনের উদ্যোগে পাইপ বসিয়ে জমির পানি নিষ্কাশন করায় জমিগুলোতে আবারও ধান আবাদ শুরু হয়েছে।

 

কৃষক আবি আব্দুল্লাহ বলেন, “কিছুদিন আগেও আমাদের জমি পানিতে ডুবে থাকত। ধান লাগানো কেবল স্বপ্ন ছিল। এখন প্রশাসনের সহযোগিতায় আবারও বীজতলা তৈরি করতে পারছি। এতে আমাদের জীবন বাঁচল।”

 

আরেক কৃষক আব্বাস দালাল জানান, “আগে জমি পতিত থাকায় লোকসান গুনতে হতো। এখন আবার ধানের চারা লাগানোর সুযোগ হয়েছে। প্রশাসনের এই উদ্যোগ আমাদের নতুন ভরসা দিয়েছে।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি বলেন, “গ্রামবাসীর আবেদন পাওয়ার পর দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসনের ফলে শত শত একর পতিত জমি আবাদে ফিরেছে। কৃষিই আমাদের অন্যতম শক্তি। তাই কৃষকদের পাশে থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে। আমাদের লক্ষ্য প্রতিটি জমিকে আবাদে ফিরিয়ে আনা, যাতে খাদ্য উৎপাদন বাড়ে এবং কৃষক পরিবারগুলো স্বাবলম্বী হয়।”

এই বিভাগের আরো খবর