চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
বঙ্গোপসাগরে বৈরি আবহাওয়ার কারণে মাছ ধরার একটি ট্রলার ডুবে গেছে। এতে ভোলার চরফ্যাশনের সাতজন জেলে জীবিত উদ্ধার হলেও এখনো একজন জেলে নিখোঁজ রয়েছেন।
সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে হাজারীগঞ্জ উপকূল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জেলের নাম মিজানুর রহমান (৩১)। তিনি চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রহিজলের ছেলে।
ট্রলারের মালিক খোরশেদ মাঝির তথ্য অনুযায়ী, গত রবিবার সন্ধ্যায় আটজন জেলে মাছ ধরতে সাগরে যান। জাল ফেলার পর সেটি তুলতে গেলে হঠাৎ ঝড় শুরু হয়। প্রচণ্ড ঢেউয়ে ট্রলারটি ডুবে যায়। পরে পাশের আরেকটি ট্রলারের সহায়তায় সাতজনকে উদ্ধার করা সম্ভব হলেও মিজানুরের খোঁজ মেলেনি।
নিখোঁজ জেলের খবর গ্রামে পৌঁছালে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে। প্রিয় স্বজনকে ফিরে পাওয়ার আশায় স্ত্রী-সন্তান ও পরিবার সমুদ্রপাড়ে অপেক্ষা করছেন।
সামরাজ ঘাটের ব্যবসায়ী আলাউদ্দিন পাটোয়ারী জানান, বিষয়টি স্থানীয় মৎস্য কর্মকর্তাদের জানানো হয়েছে।
চরফ্যাশন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, “আমরা ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। নিখোঁজ জেলেকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।”