গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: পুলিশের তিন গাড়িতে ভাঙচুর-আগুন

বিজিবি সদস্য ও সাংবাদিক আহত

সময়ের চিত্র ডেস্ক:

শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন স্থানে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সংঘর্ষে এক বিজিবি সদস্য আহত হয়েছেন। পাশাপাশি সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সময় টিভির এক প্রতিবেদক ও ক্যামেরাপারসন। আহত হয়েছেন এসএ টিভির এক ক্যামেরাপারসনও।

 

সোমবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে এক বিজিবি সদস্য আহত হন।

 

পরে দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় বিক্ষোভকারীদের একটি অংশ পুলিশের তিনটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন।

 

এদিকে, ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সময় টিভির একজন রিপোর্টার ও ক্যামেরাপারসন। এ সময় তাঁদের ক্যামেরাও ভাঙচুর করা হয়। একই ঘটনায় এসএ টিভির একজন ক্যামেরাপারসন পায়ে আঘাত পান।

 

শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের শ্রমিকদের একটি অংশ মহাসড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকরা বিভিন্ন এলাকায় বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, জেলা পুলিশ, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।

এই বিভাগের আরো খবর