হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৮ জন

সময়ের চিত্র ডেস্ক:

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম আক্রান্ত হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন। এ সময়ে পরীক্ষায় ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩২ হাজার ৮২৩ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩১৮ জন।

 

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। এ বিভাগেই হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে মারা গেছেন আরও একজন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৫৮ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামজনিত মৃত্যুর সংখ্যা ১০৫ জন।

 

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজার ২০৪ জন। ১৫ মার্চ থেকে ৩ নভেম্বর পর্যন্ত সব মিলিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৮ হাজার ৭৫০ জন।

 

দেশে হামের সংক্রমণ ও সন্দেহজনক রোগীর সংখ্যা বিবেচনায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর