১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা, নতুন মূল্য ২ হাজার ৬০ টাকা

সময়ের চিত্র ডেস্ক:

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বা রান্নার গ্যাসের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

 

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টা থেকে নির্ধারিত নতুন দাম কার্যকর হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ মূল্য বহাল থাকবে।

 

এদিকে এলপিজির পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। একই সঙ্গে অটোগ্যাস বিক্রেতাদের কমিশনও পুনর্নির্ধারণ করা হয়েছে।

 

এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।

 

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই দেশের এলপিজি বাজারে অস্থিরতা দেখা দেয়। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির প্রভাবে আমদানি ও সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি হয়। ফলে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কোথাও কোথাও ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়।

 

বারবার মূল্যবৃদ্ধির ফলে রান্নার গ্যাসের বাড়তি ব্যয় নিয়ে সাধারণ ভোক্তাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই বিভাগের আরো খবর