গাজীপুরে শ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু, গাইবান্ধায় দাফন আজ

সময়ের চিত্র ডেস্ক:

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২২) মারা গেছেন।

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর পর মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে তার মরদেহ গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌঁছেছে। বুধবার (৪ নভেম্বর) পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

 

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে স্বজনরা তৌফিকের মরদেহ নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে পৌঁছান। এ সময় পরিবারের সদস্যদের কান্না ও আহাজারিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

 

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহুরুল হক জানান, বুধবার ছয়ঘরিয়া গ্রামে তৌফিকের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

 

এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকার উত্তরার শিনশিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

তৌফিক শেখ ছয়ঘরিয়া গ্রামের মৃত তবিবর রহমান তবির ছেলে। তিনি ছয়ঘরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। জীবিকার প্রয়োজনে তিনি গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন এবং বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

 

স্বজন ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাবার মৃত্যুর পর পরিবারের জীবিকার তাগিদে এক বন্ধুর সহযোগিতায় পোশাক কারখানায় চাকরি নেন তৌফিক। সম্প্রতি গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু হলে তিনিও এতে অংশ নেন।

 

নিহতের বড় ভাই হারুন মিয়া অভিযোগ করেন, গত সোমবার আন্দোলন চলাকালে একটি হামলার ঘটনা মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করেন তৌফিক। এ সময় কয়েকজন হামলাকারী তার ওপর চড়াও হয়ে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে আন্দোলনরত শ্রমিকরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়।

 

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের বড় ভাই।

 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে তৌফিকের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছেছে। বুধবার তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

 

এই বিভাগের আরো খবর