নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহ আলী থানার নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম দুর্ঘটনায় চার জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। এ সময় চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় জড়িত বাসটি এশিয়ান ইউনিভার্সিটির নিজস্ব বাস বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
উদ্ধার করা মরদেহগুলো শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।