১৩৬ বোতল বিদেশি মদ ও পাজেরোসহ মাদক কারবারি আটক

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ১৩৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ ও একটি পাজেরো গাড়িসহ রাসেল হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই সানোয়ারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার ছলিমাবাদ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার ব্যবহৃত ঢাকা মেট্রো ঘ-১৪-১১০৬ নম্বরের পাজেরো গাড়ি থেকে ১৩৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

জব্দ করা মদের মধ্যে রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ক্লেমোর, টিচার্স, অ্যাবসুলেট ভদকা ও গ্র্যান্টস ব্র্যান্ডের মদ।

আটক রাসেল হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার মাঝিরগাঁও গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাইনুদ্দিন দুলালের ছেলে।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৩৬ বোতল বিদেশি মদ ও একটি পাজেরো গাড়িসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর