ঈশ্বরদীতে ভিডব্লিউবি উপকারভোগীদের জীবন দক্ষতা ও আয়বর্ধক প্রশিক্ষণ

ঈশ্বরদী প্রতিনিধি:

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগী পার্টনার হিসেবে অগ্রদূত সংস্থা (এএস) এনজিওর মাধ্যমে পাবনার ঈশ্বরদী উপজেলায় ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির উপকারভোগীদের জীবন দক্ষতা ও আয়বর্ধক প্রশিক্ষণ কর্মশালা চলমান রয়েছে।

গত জুলাই মাসে অগ্রদূত সংস্থা (এএস) ঈশ্বরদী উপজেলায় প্রকল্প কার্যালয় স্থাপন করে। ছয়জন উন্নয়নকর্মীর মাধ্যমে উপজেলার সাতটি ইউনিয়নের ১ হাজার ৯০৬ জন উপকারভোগীকে নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এরই ধারাবাহিকতায় উপজেলার ১ নম্বর সাঁড়া ইউনিয়ন পরিষদের হলরুমে মডিউল-৩-এর আওতায় উপকারভোগীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ৩০ জন উপকারভোগীকে হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনকালে দেখা যায়, প্রশিক্ষকরা হাঁস-মুরগি পালনের পদ্ধতি, পরিচর্যা, রোগবালাই প্রতিরোধ, খাদ্য ব্যবস্থাপনা এবং এর মাধ্যমে আয়বর্ধনের বিভিন্ন দিক নিয়ে উপকারভোগীদের ধারণা দিচ্ছেন।

অগ্রদূত সংস্থা (এএস) এনজিওর ঈশ্বরদী উপজেলা প্রকল্প সমন্বয়কারী মো. বাহারুল ইসলাম বাবু জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নেই পর্যায়ক্রমে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করা হচ্ছে। ভিডব্লিউবি কর্মসূচির আওতায় নারীদের জীবন দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এসব প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, ঈশ্বরদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সচিবরা নিয়মিতভাবে প্রশিক্ষণ কার্যক্রম মনিটরিং করছেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, ঈশ্বরদীতে ভিডব্লিউবি কর্মসূচির কার্যক্রম আগামী জুন ২০২৭ সাল পর্যন্ত চলবে। কর্মসূচির আওতায় প্রতিটি উপকারভোগী নারী প্রতি মাসে সরকারিভাবে ৩০ কেজি ওজনের এক বস্তা পুষ্টিকর চাল বিনামূল্যে পেয়ে থাকেন। পাশাপাশি প্রত্যেক উপকারভোগীর নিজ নামে খোলা ব্যাংক হিসাবে প্রতি মাসে ২২০ টাকা করে সঞ্চয় জমা রাখা হয়।

এ ছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগী সংগঠনের প্রশিক্ষকদের মাধ্যমে উপকারভোগীদের বিভিন্ন জীবন দক্ষতা ও আয়বর্ধক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে উপকারভোগী নারীদের দক্ষতা বৃদ্ধি এবং ভবিষ্যতে স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এই বিভাগের আরো খবর