জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা

সময়ের চিত্র ডেস্ক:

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলার অভিযোগ উঠেছে।

সোমবার (১২ অক্টোবর) দলটির চেয়ারম্যানের বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এদিকে জি এম কাদেরের বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল বিক্ষোভকারী। জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে যোগাযোগ ও আঁতাতের অভিযোগ তুলে তারা জি এম কাদেরের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

 

‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা অংশ নেন। এ সময় তারা বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং জি এম কাদেরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

 

কর্মসূচিতে প্রদর্শিত ব্যানারে কারাবন্দি জি এম কাদেরের ছবি ব্যবহার করা হয়। সেখানে জুলাইয়ের শহিদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা, শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ এবং জি এম কাদেরের গ্রেপ্তারের দাবি-সংবলিত বিভিন্ন বক্তব্য লেখা ছিল। ব্যানারে আরও লেখা ছিল, ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’।

 

বিক্ষোভকারীদের অভিযোগ, জুলাই-আগস্টেরদ গণঅভ্যুত্থানে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর দেশে রাজনৈতিক পরিবর্তন এলেও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগাযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

 

বিক্ষোভে অংশ নেওয়া বক্তারা বলেন, বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পার্টি তৎকালীন আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিক বৈধতা দেওয়ার সুযোগ তৈরি করেছিল বলে তারা মনে করেন। তাদের দাবি, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযুক্ত কাউকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত নয়।

 

কর্মসূচি থেকে জি এম কাদেরকে দ্রুত আইনের আওতায় এনে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত ও বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এই বিভাগের আরো খবর