সময়ের চিত্র ডেস্ক:
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত একদল শিক্ষার্থী জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে সংসদ ভবনের প্রধান ফটকের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। তবে আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন শেষে সন্ধ্যার দিকে আন্দোলনকারীরা সংসদ ভবনের সামনে জড়ো হন। তখন সংসদের অধিবেশন চলাকালে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে পুলিশ আন্দোলনকারীদের শান্তিপূর্ণভাবে সরে যেতে অনুরোধ করে। পরে শিক্ষার্থীদের একটি অংশ সংসদ ভবনের প্রধান ফটকের দিকে এগিয়ে গেলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে আন্দোলনকারীদের পিছু হটায়।
এ সময় কিছু আন্দোলনকারী পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপের চেষ্টা করেন বলেও প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে আন্দোলনকারীদের সংসদ ভবনের প্রধান ফটক এলাকা থেকে আসাদ গেট পর্যন্ত সরিয়ে দেয়।
উল্লেখ্য, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের প্রতিবাদ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং আরও কয়েকটি দাবিতে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।