গাংনী সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের গাংনী উপজেলার তেতুঁলবাড়িয়া ইউনিয়নের শেওড়াতলা সীমান্তে চারজন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে দেওয়ার (পুশ-ইন) ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) একটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বিজিবির সতর্ক অবস্থান ও স্থানীয় জনগণের সহযোগিতায় এই পুশ-ইন অপচেষ্টা ব্যর্থ হয়।

 

শুক্রবার (০৯ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর আনুমানিক ভোররাত ৩টার দিকে ৪৭ বিজিবির অধীনস্থ শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৪৪/৪-এস এর নিকট এ ঘটনা ঘটে।

ভারতের ১১ ব্যাটালিয়ন বিএসএফের ‘বিজয় মাঠপাড়া ক্যাম্পের’ সদস্যরা দুইজন পুরুষ, একজন নারী ও একটি শিশু মোট ৪জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশ ভূখণ্ডে পুশ-ইন করার চেষ্টা চালায়।

 

তবে পূর্ব থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও সীমান্তে বিজিবি টহল দলের সতর্ক অবস্থানের কারণে বিষয়টি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। পরবর্তীতে শেওড়াতলা বিওপির বিজিবি টহল দল স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিএসএফের এই অবৈধ পুশ-ইন প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করে।

বিজিবির বাধার মুখে সকাল আনুমানিক ৬টার দিকে ১০৪ নম্বর গেট দিয়ে বিএসএফ সদস্যরা উক্ত চারজন নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

বিশেষ সূত্রে জানা গেছে, তারা বর্তমানে বিজয় মাঠপাড়া বিএসএফ ক্যাম্পে অবস্থান করছে।

ঘটনার পরপরই বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকে বিএসএফের এই অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বিএসএফের নিকট আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম চলছে।

সীমান্তে সার্বভৌমত্ব রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে বলে ব্যাটালিয়নের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

এই বিভাগের আরো খবর