সময়ের চিত্র ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে একজন এবং হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মারা যাওয়া ব্যক্তি ঢাকার বাসিন্দা। উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকার এবং দুজন সিলেটের।
স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হালনাগাদ তথ্যে জানানো হয়েছে, চলতি বছরে হাম ও এর উপসর্গে মোট ৭৬৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৭১ জন।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এতে চলতি বছরে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৩ হাজার ৭৩৫ জনে পৌঁছেছে।
এ ছাড়া একই সময়ে আরও ৮৬৮ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।