রাজধানীতে নারীকে খুঁটিতে বেঁধে নির্যাতন, পুলিশি হেফাজতে ৫ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর গুলশান নর্দা এলাকায় এক নারীকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

পুলিশ জানায়, নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হয় এবং পরে পাঁচজনকে আটক করা হয়। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে নির্যাতনের শিকার নারী কোথায় আছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলটি একটি পুরুষদের মাদরাসা। আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, প্রায় দুই দিন আগে ওই নারী খুব সকালে মাদরাসার ভেতরে প্রবেশ করেন। সে সময় শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে বিশ্রাম নিচ্ছিল এবং তাদের পোশাক ঝুলানো ছিল।

অভিযোগ অনুযায়ী, ওই নারী মাদরাসার একটি ফ্লোরে গিয়ে শিক্ষার্থীদের পাঞ্জাবির পকেটে হাত দেন বলে দাবি করা হয়। এতে শিক্ষার্থীরা চোর সন্দেহে চিৎকার করলে স্থানীয় লোকজন ও কিছু শিক্ষার্থী তাকে আটক করে বাইরে নিয়ে আসে।

পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদের সময় ওই নারী প্রথমে জানান, তিনি তার মেয়েকে মাদরাসায় ভর্তি করাতে এসেছেন। পরে মাদরাসাটি শুধু ছেলেদের জন্য জানানো হলে তিনি বক্তব্য পরিবর্তন করে বলেন, ছেলেকে ভর্তি করাতে এসেছিলেন।

এ ঘটনায় নারীকে খুঁটিতে বেঁধে গায়ে পানি ঢেলে নির্যাতন করা হয় বলে ভিডিওতে দেখা গেছে। বিষয়টি মানবাধিকার লঙ্ঘনের শামিল উল্লেখ করে পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারীকে খুঁজে বের করা এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর