রয়টার্সের প্রতিবেদন

১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার

চাইলেন রাষ্ট্রীয় বিমানের ব্যবস্থা

সময়ের চিত্র ডেস্ক:

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে অবস্থানরত শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। এবারই প্রথম তিনি দেশে ফেরার একটি নির্দিষ্ট তারিখের কথা জানিয়েছেন। তাঁর এ পরিকল্পনাকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও আইনি অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হতে পারে।

 

দেশে ফেরার জন্য প্রয়োজনীয় নথিপত্র ও পাসপোর্টের বিষয়েও উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা। একই সঙ্গে বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

 

শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এক বিবৃতিতে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি বিমানে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। সে কারণে এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও সরকারের কাছে বিমানযাত্রার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়েছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনাকে সংবিধানবহির্ভূতভাবে নির্বাসনে পাঠানো হয়েছে বলে তিনি মনে করেন। তাই বিজয় দিবস ১৬ ডিসেম্বর তাঁকে দেশে ফেরার সুযোগ করে দেওয়া সরকারের দায়িত্ব।

 

এদিকে, এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। এর আগে রোববার বাংলাদেশের এক মন্ত্রী রয়টার্সকে জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফেরাতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।

 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো গণ-অভ্যুত্থান ও সংশ্লিষ্ট সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। ওই আন্দোলন দমনে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তবে ভারতে অবস্থানরত শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

এই বিভাগের আরো খবর