গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে থাকার জন্য স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি জানান, জেলার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে আশা করছেন।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জেলা সার্কিট হাউসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
থানায় অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, থানা জনগণের সেবা দেওয়ার প্রতিষ্ঠান। থানায় আগুন দেওয়া হলে জনসাধারণের সেবা কার্যক্রম ব্যাহত হয়। একটি থানার আওতায় বিপুলসংখ্যক মানুষ বসবাস করলেও দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যের সংখ্যা তুলনামূলক কম থাকে। উদাহরণ হিসেবে তিনি বলেন, ১০ লাখ মানুষের এলাকায় একটি থানায় হয়তো ২০ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করেন।
এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জনগণের সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
আইজিপি আরও বলেন, কোনো এলাকায় পুলিশ প্রয়োজন নেই বলে জনগণ মনে করলে নিজেদের উদ্যোগে আইন-শৃঙ্খলা বজায় রাখার বিষয়টি বিবেচনা করতে হবে। এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত জনগণের প্রত্যাশা অনুযায়ী নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে আলী হোসেন ফকির বলেন, অতীতেও বিভিন্ন সময় ধারাবাহিক কর্মসূচি পালিত হয়েছে। সেগুলোর পরিণতি সম্পর্কে সবাই অবগত।
তিনি এমন কোনো পরিস্থিতি তৈরি না করার আহ্বান জানান, যাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হতে হয়।