সাভার প্রতিনিধি:
নিজের জন্মভূমি ঢাকার ধামরাইয়ের রাজাপুর গ্রামেই শেষ ঠিকানা হলো অভিনেতা সোহেল খানের।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর রাজাপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এর আগে স্থানীয় রাজাপুর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে মঙ্গলবার সকালে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিকেল ৪টার দিকে তাঁর মরদেহ ধামরাইয়ের রাজাপুর গ্রামের বাড়িতে পৌঁছায়।
মৃত্যুকালে এই অভিনেতার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের প্রয়াত আতাউর রহমান খানের ছেলে। দুই ভাই ও চার বোনের মধ্যে সোহেল খান ছিলেন সবার বড়। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুটিং সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা যায়, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের প্রস্তুতিও সম্পন্ন করেছিলেন। পরে তাঁকে ডাকতে হোটেলকক্ষে গিয়ে শুটিং ইউনিটের এক সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। কয়েকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে প্রিয় অভিনেতার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। বাড়ির উঠানে খাটিয়ায় রাখা মরদেহ ঘিরে স্বজনদের কান্না ও আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কেউ নির্বাক দাঁড়িয়ে ছিলেন, আবার কেউ তাঁর সঙ্গে কাটানো স্মৃতি স্মরণ করছিলেন।
সোহেল খানের ফুফাতো ভাই আবদুল আলীম খান সেলিম জানান, গ্রামের প্রতি তাঁর ছিল গভীর টান। তিনি বলেন, সোহেল ছিলেন অত্যন্ত সহজ-সরল মানুষ। তাঁকে কখনো বকাঝকা করলেও তিনি রাগ করতেন না।
অভিনেতার ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খান বলেন, এলাকার আঞ্চলিক ভাষা, সংস্কৃতি, রীতিনীতি ও মানুষের জীবনযাত্রা অভিনয়ের মাধ্যমে অত্যন্ত স্বাভাবিকভাবে তুলে ধরতেন সোহেল খান। ব্যক্তিজীবনেও তিনি ছিলেন মিশুক ও সহজ-সরল।
গ্রামের সামাজিক কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। কাজের ব্যস্ততার মধ্যেও সুযোগ পেলেই ছুটে যেতেন নিজ গ্রামে। আত্মীয় ও স্থানীয় বাসিন্দা মোহাম্মদ টিপু সুলতান জানান, গ্রামের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সোহেল খান নিয়মিত যুক্ত থাকতেন।
সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি :
সোহেল খানের মৃত্যুতে চলচ্চিত্র ও নাট্যাঙ্গনসহ দেশের সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন ‘নসীব’ সিনেমার প্রযোজক আরশাদ আদনান।
তিনি বলেন, সোহেল খান ছিলেন মাটির কাছাকাছি থাকা একজন মানুষ। জ্যেষ্ঠ শিল্পী ও বড় ভাই হিসেবে তাঁকে সবাই শ্রদ্ধা করতেন। তাঁর চলে যাওয়া চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের জন্য বড় ক্ষতি। তাঁর অভাব দীর্ঘদিন অনুভূত হবে।
নিজের জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা এবং অভিনয়ের মাধ্যমে আঞ্চলিক জীবন ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য স্থানীয় মানুষের কাছেও স্মরণীয় হয়ে থাকবেন অভিনেতা সোহেল খান।