কক্সবাজারে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল ৫ জনের

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানাধীন ফকিরাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন চকরিয়ার খুটাখালী এলাকার সাহাব উদ্দিন (৪৩) এবং লামার বাসিন্দা পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৪)। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের দিকে যাচ্ছিল হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় বিপরীত দিক থেকে চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বাসটির সরাসরি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে বাসের নিচে চাপা পড়ে।

 

দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। গুরুতর আহত আরও দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজি অটোরিকশা জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই বিভাগের আরো খবর