সময়ের চিত্র ডেস্ক:
কক্সবাজারের রামুতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের চারজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকার একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা।
দুর্ঘটনায় আহত হয়েছেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং আরেক শিশু। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত তানিয়ার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহতদের স্বজন মনোয়ারা বেগমের ভাষ্য, জোহরের নামাজের পর পরিবারের সদস্যরা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে তাদের বহনকারী অটোরিকশাটিকে ট্রেন ধাক্কা দেয়। এতে যানটি দুমড়েমুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার জয়নাল আবেদিন জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন।
রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।