সময়ের চিত্র ডেস্ক:
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর দক্ষতা, পেশাদারিত্ব ও সমন্বিত সক্ষমতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে তিন বাহিনীর বিশেষ যৌথ সামরিক মহড়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, দেশের সামরিক ইতিহাসে প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত সদস্যদের অংশগ্রহণে এ ধরনের মহড়া অনুষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা ও সামরিক প্রস্তুতির ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, এ মহড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। একই সঙ্গে এটি প্রমাণ করবে, দেশের সামরিক বাহিনী সুসংগঠিত, দক্ষ ও যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত।
প্রধানমন্ত্রী আরও বলেন, এ আয়োজন কেবল একটি সামরিক অনুশীলন নয়; বরং সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতিফলন।
তিনি উল্লেখ করেন, তিন বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়, পেশাগত দক্ষতা ও কার্যকর সহযোগিতা বাড়াতে এ ধরনের যৌথ প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে সম্ভাব্য যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও সমন্বিতভাবে দায়িত্ব পালনের সক্ষমতা আরও বাড়বে।
মহড়া পরিদর্শনকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।