ভোলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা বিধ্বস্ত, প্রাণ গেল ৩ যাত্রীর

ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় মালবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজিচালিত একটি অটোরিকশা চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এ দুর্ঘটনায় তিনজন যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ভোলা–চরফ্যাশন আঞ্চলিক সড়কের বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাট বাজারসংলগ্ন ইদারার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন—লালমোহনের ভেদুরিয়া গ্রামের মো. আবু তাহেরের ছেলে মো. মিজান (৩৬), লালমোহন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজিম উদ্দিন খানের মেয়ে আজমিরী আমরিন (২০) এবং একই উপজেলার মো. রিয়াজ (৪৩)। নিহত আজমিরী আমরিন দৈনিক আমার দেশ পত্রিকার লালমোহন উপজেলা প্রতিনিধির কন্যা।

স্থানীয়দের বরাতে জানা যায়, লালমোহন থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি অটোরিকশা ভোলা সদর অভিমুখে রওনা দেয়। পথে ইদারার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন যাত্রীর মৃত্যু হয় এবং অটোরিকশাটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

গুরুতর আহত অবস্থায় আজমিরী আমরিনকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অটোরিকশাচালকসহ আরও কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভোলা জেলা পুলিশের সুপার মো. শহীদুল্লাহ কাওছার ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত চারজনকে হাসপাতালে পাঠানো হলে পরবর্তীতে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনা সংক্রান্ত আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর