সময়ের চিত্র ডেস্ক:
দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী ও সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। এ খাতের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের নতুন সুযোগ তৈরি করতে চায় সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রাণিসম্পদ খাতকে স্বনির্ভর ও আধুনিক শিল্পে রূপান্তর করা সম্ভব হলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা যাবে। এ লক্ষ্য অর্জনে খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে প্রাণিসম্পদ খাতকে উৎপাদননির্ভর শিল্পে উন্নীত করা সম্ভব। এ জন্য খাতটির আধুনিকায়ন, বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা এবং খামারিদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের খামারিদের কাছে পশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। পাশাপাশি খামার সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত ও কারিগরি সহযোগিতা দেওয়া হবে।
খামারিদের এ খাতের প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, তাদের যথাযথ সহযোগিতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ উৎপাদনে দেশ আরও এগিয়ে যাবে।
পুষ্টি ও মানবসম্পদ উন্নয়নের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, একটি সুস্থ, মেধাবী ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তুলতে পুষ্টির নিশ্চয়তা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে প্রাণিজ আমিষের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার বিকল্প নেই।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘প্রাণিসম্পদ পদক’ প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।