নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পুরান ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নয়ন নামে এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ বিস্ফোরণ ঘটে। আকস্মিক এ ঘটনায় আদালত এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিস্ফোরণে আহত আইনজীবীকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরপরই উপস্থিত আইনজীবী ও স্থানীয় লোকজন ধাওয়া করে রাজীব বোস নামে এক ব্যক্তিকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণের পর আইনজীবী ও স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। পরে তাঁকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে খবর দেওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, আদালত ভবনের ওপর থেকে ককটেল নিক্ষেপের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কীভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ জন্য আদালত এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। আটক ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে বিস্ফোরণের খবর পেয়ে ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে যান। সমিতির দপ্তর সম্পাদক মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করেন, আদালত অঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে একটি পক্ষ এ ঘটনা ঘটিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে আইনজীবীরা ঐক্যবদ্ধ রয়েছেন বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত ৯ নভেম্বর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে একই ধরনের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় উপস্থিত জনতা দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে ১০ নভেম্বর সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় পরবর্তী সময়ে আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।