মামুন মিঞা,ফরিদপুর:
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন, জনসচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক সোলার প্যানেলচালিত সেচ কার্যক্রম ও সোলারচালিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি কৃষক বীজাগার ও বীজ বিনিময় কেন্দ্র ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি কম্পোস্ট উৎপাদন ও কুমড়া বড়ি তৈরির কার্যক্রম পরিদর্শন করে স্থানীয় উদ্যোক্তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের উৎসাহিত করেন।
পরে তিনি চার নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় কৃষক, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের মাঝে গাছের চারা, অনুদানের চেক এবং সোলার প্যানেল বিতরণ করা হয়। এছাড়া অসচ্ছল পরিবারের সদস্যদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
দিনের শেষভাগে জেলা প্রশাসক,ইউসুফ আলী মোহনমিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। তিনি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের উদ্দেশে মাদক, বাল্যবিবাহ এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন।
এ সময় তিনি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি উন্নয়ন, শিক্ষা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসব উদ্যোগ টেকসই উন্নয়ন ও একটি মানবিক, সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।