আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন

সময়ের চিত্র ডেস্ক:

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা জোরদারে ঢাকা ও অন্যান্য সাত জেলায় মোট ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য আরও চার প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মোতায়েন করা বিজিবির মধ্যে ঢাকা জেলায় ১৮ প্লাটুন, ঢাকা মহানগরীতে পাঁচ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ময়মনসিংহে দুই প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং কক্সবাজারে ছয় প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চলসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হবে।

 

এ ছাড়া সম্ভাব্য বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড ঠেকাতে সতর্ক অবস্থানে থাকবে বিজিবি।

 

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তে নিয়মিত দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরে মোতায়েন সদস্যরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

 

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি প্রস্তুত রয়েছে।

এই বিভাগের আরো খবর