কুমিল্লাজুড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে উৎসবমুখর পরিবেশ

সময়ের চিত্র ডেস্ক:

চাঁদপুর সফরে যাওয়ার পথে শনিবার (১৬ মে) কুমিল্লায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

সফরপথে দাউদকান্দি, ইলিয়টগঞ্জ, বুড়িচং, পদুয়ার বাজারসহ কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দলীয় নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিভিন্ন উপজেলায় আগে থেকেই জড়ো হন হাজারো নেতাকর্মী।

জানা গেছে, দাউদকান্দিতে খন্দকার মোশাররফ হোসেন-এর অনুসারীরা, ইলিয়টগঞ্জে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ-এর সমর্থকরা, নিমসার বাজারে জসিম উদ্দিন এবং পদুয়ার বাজার এলাকায় মনিরুল হক চৌধুরী-এর নেতাকর্মীরা উপস্থিত থেকে শুভেচ্ছা জানান।

চাঁদপুরের পথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় একটি পথসভায় অংশ নেওয়ারও কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এ উপলক্ষে পুরো মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ইলিয়টগঞ্জ এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী সমবেত হয়েছেন এবং দলীয় নেতাদের নির্দেশনায় সবাই উচ্ছ্বাস নিয়ে অংশ নিয়েছেন।

এই বিভাগের আরো খবর