শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন, দিল্লি হাইকমিশনের ই-মেইল ঢাকায়

সময়ের চিত্র ডেস্ক:

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ই-মেইল পাঠিয়েছে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স। বিষয়টি পরবর্তী সিদ্ধান্তের জন্য ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে হাইকমিশন।

 

সোমবার (৯ নভেম্বর) সকালে দিল্লির কূটনৈতিক সূত্র ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। একই তথ্য জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রও।

 

জানা গেছে, ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে পাঠানো বার্তায় একজন আইনজীবী নিজেকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে উল্লেখ করে তাঁর পক্ষে যোগাযোগের কথা জানিয়েছেন। ই-মেইলে দাবি করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে। এ অবস্থায় তাঁর জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করতে হাইকমিশনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

 

তবে কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকে আইনজীবী প্রতিষ্ঠানটিকে দেওয়া অনুমতিপত্র বা প্রতিনিধিত্বের কোনো প্রমাণ সংযুক্ত ছিল না। ফলে আবেদনটি সরাসরি শেখ হাসিনার অনুমোদিত কি না, তা নিশ্চিত হওয়ার বিষয়টি সামনে এসেছে।

 

এদিকে, বিষয়টি নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে দিল্লি হাইকমিশন। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের ব্রিফ করতে পারেন বলে জানা গেছে।

 

এর আগে বার্তা সংস্থা রয়টার্স তাদের হাতে আসা একটি চিঠির বরাত দিয়ে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়ার পর ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে এ ধরনের আবেদন করেছেন বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

 

তবে আবেদনটির সত্যতা, অনুমোদন এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের পরবর্তী সিদ্ধান্ত এখনো স্পষ্ট নয়।

এই বিভাগের আরো খবর