৭ দিনের রিমান্ডে সাবেক মেয়র সাঈদ খোকন

সময়ের চিত্র ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডির জিগাতলায় ১৪ বছর বয়সী কিশোর আব্দুল মোতালিব হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

 

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন।

 

মামলার তদন্তের স্বার্থে সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছিলেন তদন্ত কর্মকর্তা। আবেদনে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগান, আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান, তাদের সঙ্গে যোগাযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় কিশোর আব্দুল মোতালিব। তার বয়স ছিল ১৪ বছর।

 

এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। এজাহারে সাঈদ খোকনের নাম রয়েছে ২৯ নম্বরে।

 

এর আগে মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

 

এই বিভাগের আরো খবর