মনপুরায় ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট আলাউদ্দিন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চরফ্যাশন প্রতিনিধি:

ভোলার মনপুরায় ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট আলাউদ্দিন হত্যা মামলায় একজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে।

 

বুধবার (২৭ আগস্ট) দুপুরে চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ ও চৌকি আদালতের সহকারী জজ মো. শওকত হোসাইন এই রায় ঘোষণা করেন।

 

দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম মনপুরা উপজেলার চর ফৈজুদ্দিন গ্রামের মৃত চান মিয়ার ছেলে। অপরদিকে খালাসপ্রাপ্ত আসামিরা হলেন— মো. জয়নাল, এস. এ. কালাম ও মো. রনি।

 

জানাযায়, নিহত আলাউদ্দীন মনপুরা উপজেলার ফকিরহাট বাজারে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট শাখা এবং সার ও কীটনাশকের ব্যবসা পরিচালনা করতেন। একই গ্রামের এস. এ. কালামের সঙ্গে তার ব্যবসায়িক বিরোধ চলছিল। এর জের ধরে এস. এ. কালাম তার চাচাতো ভাইয়ের ছেলে জয়নাল, জয়নালের বন্ধু আবুল কালাম ও খালাতো ভাই মাকসুদকে নিয়ে হত্যার পরিকল্পনা করেন।

 

২০১৯ সালের ৬ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ব্যবসায়িক কাজ শেষে আলাউদ্দীন বাড়ি ফিরলে পূর্বপরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা আসামিদের মধ্যে আবুল কালাম ও মাকসুদ তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় পরিবার তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

পরদিন ৭ অক্টোবর নিহতের ভাই মো. জাফর বাদী হয়ে সাতজনকে আসামি করে মনপুরা থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

চরফ্যাশন অতিরিক্ত দায়রা জজ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলী হিরন জানান, মামলার সাতজন আসামির মধ্যে আবুল কালামকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। তবে তিনি বর্তমানে পলাতক আছেন। অপর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে। আর বাকি তিনজন— মাকসুদ, শাহীন ও শামীম অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের বিচার বর্তমানে ভোলা শিশু আদালতে চলমান।

এই বিভাগের আরো খবর