নিজস্ব প্রতিবেদক:
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দিয়েছে আপিল বিভাগ। আগামী ২১ অক্টোবর এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।
বুধবার (২৭ আগস্ট) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন।
রিভিউ শুনানির দ্বিতীয় দিনে প্রধান বিচারপতি বলেন, আপিল বিভাগ সাময়িক সমাধান নয়, বরং স্থায়ী ও কার্যকর সমাধান চায়, যাতে এ ধরনের সংকট বারবার না ঘটে। তিনি প্রশ্ন তোলেন— যদি তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে দেওয়া হয়, তবে এটি কার্যকর হবে কোন সময় থেকে?
শুনানির সময় আপিল বিভাগ জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানান, এ নিয়ে নতুন করে পর্যবেক্ষণ দিতে পারে আপিল বিভাগ। তিনি বলেন, গত দেড় দশকে জনগণ শাসিত হওয়ার পরিবর্তে শোষিত হয়েছে, গুম-খুন, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক দমন-পীড়নের শিকার হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমেই মানুষের প্রত্যাশা ও সিদ্ধান্ত প্রতিফলিত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ’৯০ এর গণঅভ্যুত্থানের অভিজ্ঞতা থেকেই বোঝা যায় জনগণের ক্ষমতাকে অস্বীকার করলে বড় ধরনের বিপ্লবের জন্ম হয়।
প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে ১৯৯৬ সালে যুক্ত হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন অ্যাডভোকেট এম. সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী।