শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির ঘোষণা

সময়ের চিত্র ডেস্ক:

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আগামী বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর উত্তরায় আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্রতিনিধিরা এ কর্মসূচির ঘোষণা দেন। একই সঙ্গে তারা মঙ্গলবার রাতের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আল্টিমেটাম দেন। কর্মসূচি ঘোষণার পর শিক্ষার্থীরা উত্তরা বিএনএস সেন্টার এলাকার সড়ক ছেড়ে চলে যান।

অন্যদিকে, একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। নীলক্ষেত থেকে টিএসসিমুখী সড়কে আন্দোলনকারীরা অবস্থান নিলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতি দেখা যায়।

ঘটনাস্থলে আন্দোলনকারী শিক্ষার্থী, পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের অবস্থানের কারণে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এর আগে, সোমবার টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার প্রতিবাদে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে তারা টিএসসি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে গেলে ভিসি চত্বরের সামনে পুলিশ তাদের সরিয়ে দেয়। এরপর শিক্ষার্থীরা নীলক্ষেত-টিএসসি সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যান।

আন্দোলনকারীরা পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছেন। অন্যদিকে, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

এই বিভাগের আরো খবর