দেশের ৫৯ উপজেলায় বন্যার প্রভাব, মৃতের সংখ্যা ৫৪: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী

সময়ের চিত্র ডেস্ক:

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যায় এখন পর্যন্ত ৫৯টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্যোগে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বন্যায় ৫৯টি উপজেলার ৩৬৮টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত মানুষের সহায়তায় সরকার ইতোমধ্যে ১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এছাড়া প্রয়োজন অনুযায়ী চাল ও শুকনো খাবারও বিতরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এবারের টানা বর্ষণে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা বন্যায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও মৌলভীবাজারে বন্যার প্রভাব বেশি পড়েছে। অনেক এলাকায় পানি কমতে শুরু করায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নিজ নিজ মন্ত্রণালয়ের বন্যা মোকাবিলা, স্বাস্থ্যসেবা, কৃষি পুনর্বাসন ও অন্যান্য সহায়তা কার্যক্রম সম্পর্কে হালনাগাদ তথ্য তুলে ধরেন।

এর আগে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বন্যা পরিস্থিতি পর্যালোচনায় আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

 

এই বিভাগের আরো খবর