সময়ের চিত্র ডেস্ক:
সম্ভাবনাময় স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫ লাখ থেকে সর্বোচ্চ ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে প্রকল্পের সম্ভাবনা ও যোগ্যতা যাচাইয়ের ভিত্তিতে এই অর্থায়ন করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আইসিটি বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মেরও উদ্বোধন করা হয়।
প্রধানমন্ত্রী বলেন, অনেক উদ্ভাবনী উদ্যোক্তা প্রয়োজনীয় জামানত বা আনুষ্ঠানিক কাগজপত্রের অভাবে ব্যাংক থেকে ঋণ নিতে পারেন না। সেই সীমাবদ্ধতা দূর করতেই সরকার বিকল্প অর্থায়নের ব্যবস্থা করছে। এ লক্ষ্যে একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে, যারা শুধুমাত্র প্রকল্পের সম্ভাবনা বিবেচনা করে অর্থায়নের সিদ্ধান্ত নেবে।
তিনি আরও বলেন, এই কমিটিতে কোনো মন্ত্রী বা উপদেষ্টা থাকবেন না, যাতে সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকে।
অনুষ্ঠানে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, সরকারি অর্থ জনগণের সম্পদ। তাই অর্থায়নের প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত করা হবে। তবে কোনো উদ্যোগ শুরুতে কাঙ্ক্ষিত ফল না পেলেও যদি ভবিষ্যৎ সম্ভাবনা থাকে, তাহলে প্রয়োজন অনুযায়ী দ্বিতীয় দফায় সহায়তার বিষয়টিও বিবেচনা করা হবে।
অনুষ্ঠানে উদ্বোধন করা জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্যোক্তাদের জন্য একটি সমন্বিত ডিজিটাল সেবা হিসেবে কাজ করবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সরকারি সহায়তা, অনুদান ও অর্থায়নের আবেদন, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ এবং অংশীদার প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা এক জায়গা থেকেই পাওয়া যাবে।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই উদ্যোগ দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও গতিশীল করবে এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, গবেষণা ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানায়, এসব লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে।