হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে বিদায়, ইতিহাস গড়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপে ষষ্ঠ শিরোপার স্বপ্ন আরেকবার অধরাই থেকে গেল ব্রাজিলের। শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নরওয়ের জয়ের নায়ক ছিলেন তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড, যিনি জোড়া গোল করে দলকে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাস গড়েছেন।

 

ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। চতুর্থ মিনিটেই নরওয়ে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। কিছুক্ষণ পর ব্রাজিলের ম্যাথিউস কুনহা প্রতিপক্ষের বক্সে ফাউলের শিকার হলে প্রথমে খেলা চালিয়ে যেতে বলেন রেফারি। পরে ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত বদলে ব্রাজিলকে পেনাল্টি দেওয়া হয়।

 

তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো গিমারায়েস। তার নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নিল্যান্ড।

 

প্রথমার্ধের শেষ দিকে ভিনিসিয়ুস জুনিয়রের একটি ভালো প্রচেষ্টাও নরওয়ের গোলরক্ষক রুখে দেন। অন্যদিকে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনও গুরুত্বপূর্ণ কয়েকটি সেভ করে দলকে ম্যাচে টিকিয়ে রাখেন। ফলে বিরতিতে যাওয়ার সময় কোনো দলই গোলের দেখা পায়নি।

 

দ্বিতীয়ার্ধে বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল। সেই সুযোগে ৭৯তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে শক্তিশালী হেডে নরওয়েকে এগিয়ে দেন আরলিং হালান্ড।

 

এর কিছুক্ষণ পর দূরপাল্লার দুর্দান্ত শটে নিজের দ্বিতীয় ও দলের ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। টুর্নামেন্টে এটি ছিল তার সপ্তম গোল, যা তাকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সমতায় নিয়ে যায়।

 

ম্যাচের যোগ করা সময়ে ব্রাজিল আরেকটি পেনাল্টি পায়। এবার স্পট কিক থেকে গোল করে ব্যবধান ২-১ করেন নেইমার। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি সেলেসাওরা।

 

ফলে ২-১ গোলের জয় নিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে নরওয়ে। অন্যদিকে, হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় ব্রাজিলকে।

এই বিভাগের আরো খবর