গ্রামীণফোনের আইনগত পাওনা পরিশোধের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

 

জাহিদ হাসান :

গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীদের আইনগত পাওনা পরিশোধ, শান্তিপূর্ণ শ্রমিক আন্দোলনে বাধা, গ্রেপ্তার এবং মামলার প্রতিবাদে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গ্রামীণফোনের সাবেক কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের আইনগত পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দাবি, ২০১০ সালে বাংলাদেশ সরকার মোবাইল ফোন অপারেটরদের Industrial Undertaking হিসেবে ঘোষণা করার পর শ্রম আইন অনুযায়ী কর্মচারীরা Workers’ Profit Participation Fund (WPPF) ও Workers’ Welfare Fund (WWF)-এর আওতায় প্রতিষ্ঠানের মুনাফার ৫ শতাংশ থেকে প্রাপ্য সুবিধার অধিকার অর্জন করেন।

 

বক্তাদের অভিযোগ, সরকারি গেজেটকে চ্যালেঞ্জ করে গ্রামীণফোন আদালতে রিট দায়ের করায় বছরের পর বছর কর্মচারীদের প্রাপ্য অর্থ আটকে রাখা হয়। পরে ২০২০ সালের ৬ মার্চ প্রতিষ্ঠানটি রিট প্রত্যাহার করলেও বিলম্বজনিত পাওনা এখনো পরিশোধ করা হয়নি।

 

মানববন্ধনে দাবি করা হয়, শ্রম আইন অনুযায়ী বিলম্বজনিত পাওনার পরিমাণ বর্তমানে প্রায় ৩৩ হাজার ১৪৭ কোটি টাকা, যা প্রায় চার হাজার সাবেক কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের আইনগত অধিকার।

 

বক্তারা আরও বলেন, ২০২৪ সালের ২ ডিসেম্বর থেকে সাবেক কর্মীরা ঢাকার জিপি হাউসের সামনে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন। গত ১৮ মাসে মানববন্ধন, অবস্থান কর্মসূচি, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, গণপাঠ, কবিতা আবৃত্তি, প্রতিবাদী গান এবং প্রতীকী কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হলেও তাদের দাবি অনুযায়ী কোনো কার্যকর সংলাপ অনুষ্ঠিত হয়নি।

 

এ সময় বক্তারা অভিযোগ করেন, গত ২৭ জুন দিবাগত রাতে সাবেক কর্মী প্রিন্সকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের আশপাশ থেকে আরও কয়েকজন সাবেক কর্মীকে আটক করা হয় এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা তারা শান্তিপূর্ণ শ্রমিক আন্দোলন দমনের চেষ্টা বলে দাবি করেন।

 

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে আইনগত পাওনা পরিশোধ, গ্রেপ্তার ও হয়রানি বন্ধ, দায়ের করা মামলা প্রত্যাহার এবং আন্দোলনকারীদের সঙ্গে অর্থবহ সংলাপ শুরুর আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর