মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড,  মুখোমুখি হবে নরওয়ের

স্পোর্টস ডেস্ক:

রুদ্ধশ্বাস লড়াইয়ে মেক্সিকোকে ৩-২ গোলে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড। ম্যাচের একটি বড় সময় ১০ জন নিয়ে খেললেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে সক্ষম হয় ইংলিশরা।

শেষ ষোলোর এই লড়াইয়ে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জুড বেলিংহ্যাম। মাত্র দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে তিনি দলের জয়ের ভিত গড়ে দেন। কঠিন পরিস্থিতিতেও ইংল্যান্ডের ফুটবলাররা দারুণ দৃঢ়তা দেখিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করে।

এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ হয়েছে নরওয়ে। শেষ ষোলোতে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে নরওয়েও জায়গা করে নিয়েছে শেষ আটে।

ব্রাজিল-নরওয়ে ম্যাচেও ছিল উত্তেজনার কমতি নেই। নরওয়ের হয়ে জোড়া গোল করেন তারকা স্ট্রাইকার আরলিং হালান্ড। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন ব্রাজিলের নেইমার, তবে তাতে ম্যাচের ফল বদলায়নি।

আগামী ১২ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড ও নরওয়ের কোয়ার্টার ফাইনাল। ম্যাচটিতে ইংল্যান্ডের হ্যারি কেইন এবং নরওয়ের আরলিং হালান্ডের মুখোমুখি লড়াই ফুটবলপ্রেমীদের জন্য হতে পারে অন্যতম আকর্ষণ।

এই বিভাগের আরো খবর