দুধের শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী কারাগারে

সময়ের চিত্র ডেস্ক:

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগের এক নেত্রীকে তার দেড় মাস বয়সী সন্তানসহ কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে আসামির জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া নেত্রীকে এদিন দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, মামলার ঘটনায় সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে এবং তাকে মুক্তি দিলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন শুনানিতে জানান, ওই নারীর এক মাস ১৬ দিনের একটি শিশু রয়েছে এবং সম্প্রতি তার সিজারিয়ান অপারেশন হয়েছে। মানবিক দিক বিবেচনায় জামিন দেওয়ার আবেদন জানানো হলেও আদালত তা নাকচ করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে রাজধানীর চানখাঁরপুল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর তাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে হামলা ও লুটপাটের অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে চলতি বছরের জানুয়ারিতে তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়।

শুনানি শেষে বিকেলে ওই নেত্রীকে আদালত প্রাঙ্গণ থেকে কারাগারে নেওয়া হয়। তিনি এসময় অভিযোগ করেন, রাজনৈতিক কারণেই তাকে এ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।

এই বিভাগের আরো খবর