মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের বিএনপি নেতা মুকুল হোসেনকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মুকুল হোসেনের মেয়ে স্বরনালী সবনম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার নং ৩১, তারিখ ২০/০৪/২৬ ই। মামলায় এজাহার নামীয় ৩ জন ও আজ্ঞাত ১০/১২ জনকে আসামি করা হয়েছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি উত্তম কুমার দাস জানান, মামলার প্রধান আসামি স্থানীয় আওয়ামীলীগের নেতা আতাউর রহমান টোকনকে গ্রেফতার দেখানো হয়েছে। বাকী আসামি ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের জোর প্রচেষ্টা চলছে। তবে আসামি আটকে স্বার্থে বাকী আসামিদের নাম প্রকাশ করা যাবেনা।
এদিকে বিএনপি নেতা মুকুল হোসেনের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আজ মঙ্গলবার দুপুরেও গাংনী উপজেলা চত্তরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
গাংনী পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক ইমন হোসেনের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে অন্যান্যদের উপস্থিত ছিলেন, পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, যুবদল নেতা সাহিবুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক মুকুল হোসেনকে গতকাল সোমবার ভোররাতের দিকে কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝখানে কাশেম মোড় এলাকায় গুলি চালায় দূর্বৃত্তরা।
মুকুল হোসেনকে লক্ষ করে ৫টি গুলি ছুঁড়লে ৪ টি গুলি তার শরীরে বিভিন্ন অংশে বিদ্ধ হয়। গুরুতর আবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী ও পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে তার পিঠের দুটি গুলি বের করতে না পারায় বিকালের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।