সময়ের চিত্র ডেস্ক:
বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (২ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মিরপুর-১০ নম্বর এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে মিরপুর-১০ ও ১১ নম্বরসহ আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ।
অবরোধের কারণে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে কাজ করছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।
এর আগে রোববারও ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধির দাবিতে একই এলাকায় সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। ওই আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
এদিকে, একই দাবিতে সোমবার সকালে গাজীপুরেও বিক্ষোভে নেমেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।