সময়ের চিত্র রিপোর্ট:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) সকাল প্রায় ১০টার দিকে তিনি সড়কপথে বগুড়ায় পৌঁছান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
এর আগে ভোর ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে যাত্রা শুরু করেন তিনি। দিনব্যাপী এ সফরে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সফরের অংশ হিসেবে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন তিনি। এছাড়া সকাল ১১টার দিকে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন, সাড়ে ১১টার মধ্যে জজ আদালতের ই-বেইলবন্ড কার্যক্রম চালু এবং পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীতকরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।
দুপুরের দিকে গাবতলীর বাগবাড়ী এলাকায় গিয়ে একটি স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকেল ৪টায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। পরে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও একটি কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন।
দিনের কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। পথে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পরিকল্পনাও রয়েছে।