সময়ের চিত্র ডেস্ক:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় সফরে গেছেন তারেক রহমান। সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টা ১০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি।
সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনব্যাপী নানা কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় ঢাকার উদ্দেশে ফেরার কথা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের উদ্বোধন করবেন তিনি। এরপর জজ আদালতে ই-বেইলবন্ড কার্যক্রম চালুর উদ্বোধন এবং বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচন করবেন।
দুপুরের আগে গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকায় গিয়ে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বিকেলে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।
সবশেষে কর্মসূচি শেষ করে ঢাকায় ফেরার পথে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী।