ফকিরহাটে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট :

বাগেরহাটের ফকিরহাটে বৈদ্যুতিক লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ সরদার (২৬) নামের এক ইলেকট্রিশিয়ান প্রাণ হারিয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পিলজংগ সুকদাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত সবুজ সরদার বাগেরহাটের কাড়াপাড়া ইউনিয়নের সাবেরডাঙ্গা গ্রামের ইসলাম সরদারের ছেলে। তিনি সামি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে সবুজ সরদার সক্রিয় বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থায় খুঁটিতে উঠে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। হঠাৎ তিনি বৈদ্যুতিক তারে আটকে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তার লাশ খুঁটি থেকে নামায়।

 

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া বলেন, “লাইনে বিদ্যুৎ থাকায় শ্রমিকটি সঙ্গে সঙ্গে ঝুলে পড়েন। আমাদের দল দীর্ঘ সময় চেষ্টা করে মৃতদেহ উদ্ধার করে।”

 

পল্লী বিদ্যুৎ সমিতির ফকিরহাট জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক আনন্দ কুমার কুণ্ডু বলেন, “এটি সদর দপ্তরের দায়িত্বাধীন কাজ ছিল। নিয়ম অনুযায়ী কাজ শুরুর আগে বিদ্যুৎ লাইনের ফিডার বন্ধ করার বিষয়টি আমাদের জানানো হয়নি।”

 

ফকিরহাট মডেল থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, “মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এই বিভাগের আরো খবর