সৌদিতে তিন দেশের ভিসা ও প্রবেশ সাময়িক স্থগিত

সময়ের চিত্র ডেস্ক:

ইবোলা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি মোকাবিলায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদান–এর নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা ইস্যু ও সৌদি আরবে প্রবেশ স্থগিত করেছে সৌদি আরব।

দেশটির সরকারি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞাটি শুধু ওই তিন দেশ থেকে সরাসরি আগত যাত্রীদের ক্ষেত্রেই নয়; কেউ যদি অন্য কোনো দেশ হয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করেন এবং ভ্রমণের আগের ২১ দিনের মধ্যে উল্লিখিত তিন দেশের যেকোনো একটিতে অবস্থান করে থাকেন, তাহলেও এই বিধিনিষেধ প্রযোজ্য হবে।

এছাড়া সৌদি কর্তৃপক্ষ নিজ দেশের নাগরিকদেরও আপাতত ওই তিন দেশে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

সৌদির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, সংক্রামক রোগের আন্তর্জাতিক বিস্তার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের বিমানবন্দর ও অন্যান্য প্রবেশপথে স্বাস্থ্য পরীক্ষা, নজরদারি এবং জরুরি সাড়াদান ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

একই সঙ্গে রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং কঙ্গো প্রজাতন্ত্র থেকে আগত যাত্রীদের ক্ষেত্রেও অতিরিক্ত স্বাস্থ্য পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দেশটিতে ইবোলার কোনো নিশ্চিত বা সন্দেহভাজন রোগী শনাক্ত হয়নি। তবে বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর