রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকার দেনায়েতপুরে এক মর্মান্তিক ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরেক সদস্য।
নিহতরা হলেন শাহীনুর বেগম (৩৮), তার মেয়ে ইকরা আক্তার (১৮) এবং শিফা আক্তার (৯)। গুরুতর আহত হয়েছেন বড় মেয়ে ছায়মা (২১), যাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, কয়েক বছর আগে শাহীনুর বেগমের স্বামী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এরপর তিনি সন্তানদের নিয়ে রায়পুরের ওই বাসায় বসবাস করছিলেন। বৃহস্পতিবার সকালে বাসার ভেতরে ধারালো অস্ত্রের আঘাতে শাহীনুর বেগম ও তার তিন মেয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা জহির হোসেন নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেন। পরে তাকে মারধর করা হলে গুরুতর আহত অবস্থায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রায়পুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুর রাশেদ জানান, ঘটনাটিতে তিনজনের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হত্যার পেছনের কারণ এবং অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।