শরীয়তপুরে মাদক ব্যবসায়ীদের নৃশংসতা

চোখ উপড়ে ফেলা ও হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন

জাজিরা প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক ব্যক্তিকে চোখ উপড়ে ফেলা এবং হাত-পায়ের রগ কেটে দেওয়ার ভয়াবহ অভিযোগ উঠেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রুপবাবুর হাট এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরার দক্ষিণ জাজিরা গ্রামের দিনমজুর রমজান মোল্লা (৩৮)-কে স্থানীয় মাদক ব্যবসায়ী সুমন সিকদার ও তার সহযোগীরা বাঁশঝাড়ে নিয়ে চোখ উপড়ে ফেলে এবং হাত-পায়ের রগ কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ উদ্ধার করে রমজান মোল্লাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্ত সুমন সিকদারের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এসময় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

প্রত্যক্ষদর্শী ও পরিবারের অভিযোগ:

আহত রমজান মোল্লার শ্যালক কাউসার বলেন, “আমার দুলাভাই একজন দিনমজুর, গরীব মানুষ। তার কারও সঙ্গে কোনো ঝগড়া-বিবাদ ছিল না। মাদক ব্যবসায়ী সুমন ও তার সহযোগীরা অমানবিকভাবে চোখ উপড়ে দিয়েছে, হাত-পায়ের রগ কেটেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”

 

আহত রমজান মোল্লা অভিযোগ করে বলেন, “জাজিরার দক্ষিণ বাইশা এলাকার সুমন সিকদার, শাজাহান ও সোহেল চৌকিদার আমাকে ধরে এনে চোখ উপড়ে ফেলে এবং হাত-পায়ের রগ কেটে দেয়।”

 

পুলিশি ব্যবস্থা:

পুলিশ জানায়, এ ঘটনায় স্থানীয়রা সন্দেহভাজন একজনকে আটক করে তাদের হাতে তুলে দিয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

এদিকে, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন।

এই বিভাগের আরো খবর