আফজাল হোসেন লাভলু।।
রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে স্লোগান ও নেতিবাচক বক্তব্য উঠতে থাকায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
সোমবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নয়ন বলেন, “ভদ্রতাকে যদি কেউ দুর্বলতা মনে করে, তাহলে কঠিন প্রত্যুত্তরই হবে ভবিষ্যৎ।”
তিনি আরও লেখেন, “ভিন্নমতের প্রতি সহনশীলতা নয়, যদি প্রতিহিংসাই হয় নতুন রাজনৈতিক কৌশল—তবে শালীনতার ভাষা একসময় প্রতিশোধের আগুনে পরিণত হবেই।”
নয়ন অভিযোগ করেন, দেশে বর্তমানে রাজনৈতিক সৌজন্য বা শিষ্টাচার নির্বাসনে চলে গেছে। এই পরিস্থিতির জন্য তিনি দায়ী করেন, “ফ্যাসিস্ট হাসিনা ও তার গণধিকৃত রাজনৈতিক সংগঠনকে।”
তিনি উল্লেখ করেন, “৩৬ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের রক্তাক্ত ইতিহাসের পর সবাই আশা করেছিল রাজনীতিতে শিষ্টাচার ফিরে আসবে। কিন্তু সেই বর্ষপূর্তির আগেই জাতি আবার হতাশ হলো।”
নয়ন তার পোস্টে বলেন, শিষ্টাচারহীনতা আজকের ‘নতুন বাংলাদেশ’-এর সবচেয়ে বড় ক্ষত। “কারণ একটি জাতির প্রকৃত শিক্ষার মানদণ্ড তার রাজনৈতিক শিষ্টাচারে প্রতিফলিত হয়,” বলেন তিনি।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, “যারা তখন রাস্তায় ছিলেন, সেই খণ্ডকালীন যোদ্ধারাই যদি এখন অহংকার ও কটুভাষাকে শিষ্টাচার হিসেবে প্রতিষ্ঠা করতে চান—তাহলে বহুমাত্রিক গণতন্ত্র এ দেশে কেবলই কল্পনা হয়ে থাকবে।”