রাশিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত ১৯ আরোহী

সময়ের চিত্র ডেস্ক:

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের কেমেরোভোতে একটি এএন-১২ সামরিক পরিবহন বিমান দুর্ঘটনায় পড়েছে। এতে বিমানে থাকা ১৯ জনের সবাই নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নির্ধারিত ফ্লাইট পরিচালনার সময় কেমেরোভো অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ক্রুসহ মোট ১৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তাদের কারও প্রাণ রক্ষা হয়নি। এর আগে বিভিন্ন গণমাধ্যমে নিহতের সংখ্যা ১৭ বলে জানানো হয়েছিল।

 

মন্ত্রণালয়ের প্রাথমিক তদন্তে কারিগরি ত্রুটিকে দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

 

রুশ সংবাদমাধ্যম ইজভেস্তিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আঞ্চলিক রাজধানীর দক্ষিণে ইয়াগুনোভো গ্রামের কাছাকাছি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আকাশে থাকা অবস্থায় বিমানটিতে আগুন দেখা যায়। পরে সেটি দ্রুত নিচে নেমে মাটিতে আছড়ে পড়ে এবং বিস্ফোরণ ঘটে।

 

কেমেরোভো অঞ্চলের গভর্নর ইলিয়া সেরেদিউক সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ইয়াগুনোভো এলাকায় বিমান দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। পরবর্তী এক ভিডিও বার্তায় তিনি জানান, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ওই অঞ্চলের আকাশসীমায় অবস্থান করছিল।

 

সূত্র: আনাদোলু এজেন্সি

এই বিভাগের আরো খবর