সময়ের চিত্র ডেস্ক:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রের দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলায় অংশ নেন। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার শহরের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করে টুঙ্গিপাড়া থানা-পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরসহ আশপাশের কয়েকটি স্থান থেকে আরও কয়েকজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আটকের খবর ছড়িয়ে পড়লে থানার সামনে লোকজনের সমাগম বাড়তে থাকে। আটক ব্যক্তিদের মুক্তির দাবিতে বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একটি মিছিল থানার দিকে অগ্রসর হয়।
এ সময় পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল, ছররা গুলি, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সংঘর্ষের একপর্যায়ে হামলাকারীদের একটি অংশ থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় থানা চত্বরে রাখা পুলিশের কয়েকটি যানবাহনেও আগুন দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হেলমেট পরা কয়েকজনকে থানার ভেতরে ভাঙচুর এবং স্লোগান দিতে দেখা গেছে।
ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে আহতের সুনির্দিষ্ট সংখ্যা এবং তাদের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা এসকেন্দার শেখ জানান, থানা, চৌরঙ্গীর মোড় ও বাঁশবাড়িয়া এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন তাঁরা। তবে নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। নিরাপত্তা নিশ্চিত হলে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করা হবে।
অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ আবু সুফিয়ান রাতে গণমাধ্যমকে জানান, টুঙ্গিপাড়া থানা ঘেরাওয়ের খবর পাওয়ার পর থেকেই পুলিশ সদর দপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুন্নুমিরাও থানায় হামলা ও পুলিশের যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা নিশ্চিত করেছেন। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।