সময়ের চিত্র ডেস্ক:
রাজধানী ঢাকায় এক রাতেই চারটি বাসে অগ্নিসংযোগ এবং ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১২টার মধ্যে পল্লবী, মহাখালী, বাড্ডা ও রামপুরাসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে পার্ক করে রাখা মিরপুর লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে তখন কোনো যাত্রী ছিলেন না। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পল্লবী থানা-পুলিশ।
এর কিছুক্ষণ পর রাত ৯টা ২০ মিনিটের দিকে মহাখালীর সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা হয়। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে যাওয়ার সময় পেছন দিক থেকে আগুন দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় লোকজন প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, যাত্রীবেশে দুই ব্যক্তি বাসটিতে আগুন লাগিয়ে দ্রুত সরে যায়।
এ ছাড়া রাত সোয়া ১১টার দিকে রামপুরা সেতুর কাছাকাছি রাইদা পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন লাগার পর বাসের যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভান। এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে রামপুরা থানা-পুলিশ।
ছয় স্থানে ককটেল বিস্ফোরণ:
বাসে অগ্নিসংযোগের পাশাপাশি রাজধানীর ছয়টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে মোহাম্মদপুর, আসাদগেট, তেজগাঁও, বছিলা ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় এসব বিস্ফোরণ ঘটে।
রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বিস্ফোরকটি নিক্ষেপ করে পালিয়ে যায় বলে জানা গেছে। পরে রাত ৯টা ৪০ মিনিটের দিকে আসাদগেটে এবং পৌনে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ের পাশের সড়ক, বছিলার এসআরবি-২ কার্যালয় ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এদিকে শ্যামলী এলাকায় ককটেল বিস্ফোরণের অভিযোগে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদপুর এলাকা থেকে মোট তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ছাত্রলীগের একজন নেতাও রয়েছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানা এলাকার সামাদ সুপারমার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। দুটি বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
১০ দিনে ৪৯ যানবাহনে অগ্নিসংযোগ:
পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর পর্যন্ত আগের ১০ দিনে দেশের বিভিন্ন এলাকায় ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই সময়ে বিভিন্ন স্থানে ৫৯টি ককটেল বিস্ফোরণের তথ্য পাওয়া গেছে। এসব বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পুলিশের দুটি স্থাপনাও হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় মোট ৩৩টি মামলা হয়েছে এবং ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। আগামী ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কর্মসূচির প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
পুলিশের দাবি, দলটির এসব কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ এবং পুলিশি স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।