ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সময়ের চিত্র ডেস্ক:

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিট থেকে পদ্মা নদীতে দৃষ্টিসীমা কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয় ঘাট কর্তৃপক্ষ।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, নদী অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচলের জন্য ব্যবহৃত চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না। এতে নৌযান চলাচলে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

 

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। তবে দৌলতদিয়া ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি বা সিরিয়াল নেই বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ।

 

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক বশির আহম্মেদ খান জানান, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশা কমে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

 

তিনি আরও জানান, এ নৌপথে বর্তমানে ১০টি ফেরি রয়েছে। ঘাটে যানবাহনের চাপ না থাকায় কোনো সিরিয়াল তৈরি হয়নি।

এই বিভাগের আরো খবর